শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
পবিত্র রমজান ও প্রচণ্ড গরমে বাজারে যখন লেবুর চাহিদা তুঙ্গে, ঠিক তখনই সাধারণ মানুষের স্বস্তিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল দোহার পৌরসভার সামাজিক সংগঠন ‘পরিবেশ আন্দোলন’। সিন্ডিকেটের কারসাজি আর চড়া দামের ভিড়ে সাধারণ মানুষের নাভিশ্বাস যখন চরমে, তখন দোহারের কালেমা চত্বরে দেখা গেল ভিন্ন এক মানবিক চিত্র। সেখানে কোনো প্রকার লাভ ছাড়াই মাত্র ২৫ টাকা হালি দরে লেবু বিক্রি করছে সংগঠনটি।
মূলত বাজার দর নিয়ন্ত্রণ এবং নিম্ন ও মধ্যবিত্ত মানুষের পাতে ইফতারের এক টুকরো লেবু নিশ্চিত করতেই সংগঠনটির এই মহতী প্রয়াস। লেবুর কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামের প্রতিবাদে এই প্রতীকী কর্মসূচি পালন করা হচ্ছে। যারা চড়া দামে লেবু কিনতে হিমশিম খাচ্ছিলেন, তাদের জন্য এই সাশ্রয়ী মূল্যের ব্যবস্থা এক বড়ো আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ২৫ টাকা হালি দরে লেবু কিনতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। বর্তমানে খোলা বাজারে যেখানে এক হালি লেবুর দাম ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত ঠেকেছে, সেখানে অর্ধেক দামে লেবু পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। স্থানীয়রা জানান, ‘পরিবেশ আন্দোলন’-এর এই উদ্যোগ বর্তমানে এলাকায় ব্যাপক প্রশংসার কুড়াচ্ছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: সালাউদ্দিন মনির-এর সরাসরি তত্ত্বাবধানে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “পরিবেশ আন্দোলন শুধুমাত্র গাছ লাগানো বা পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে না, আমরা মানুষের যে কোনো দুর্ভোগের সময়ে পাশে থাকতে চাই। লেবুর অস্বাভাবিক দামের এই সময়ে সাধারণ মানুষকে সামান্য স্বস্তি দিতেই আমাদের এই ছোট আয়োজন। আমাদের এই উদ্যোগ দেখে যদি অন্যরাও এগিয়ে আসে, তবেই আমাদের সার্থকতা।”
বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে পরিবেশ আন্দোলনের এমন কর্মসূচি দোহারে এক নতুন উদাহরণ সৃষ্টি করেছে।

