মোস্তফা কামাল, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিজ ঘরে ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার রাজারহাট ইউনিয়নের চাঁন্দামারী গ্রামের বয়লার মুরগী বিক্রেতা নুর আলমের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম নাসরিন বেগম(২৫) । তিনি ওই গ্রামের বয়লার মুরগী বিক্রেতা নুর আলমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার(২৪ফেব্রুয়ারী) সকাল ১০টার নাসরিনকে প্রতিবেশীরা ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। গতরাত সোমবার স্বামী-স্ত্রী সেহেরি খাওয়ার পর নাসরিন শয়ন ঘরের পাইরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করে এলাকাবাসীরা।
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পারিবারিক কলহের জেরে নিজ শয়নকক্ষে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

