মোহাম্মদ:- রিদয় হোসেন শার্শা যশোর প্রতিনিধি
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে এসে চুরির কবলে পড়েছেন এক নারী। তবে হাতেনাতে চোর ধরে ফেলায় রক্ষা পেয়েছে তার মালামাল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সাড়ে ১০টার দিকে হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী জেসমিন বেগম (৪০) যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্না গ্রামের আব্দুল হাই মোল্লার স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জেসমিন বেগম হাসপাতালের ১২৬ নম্বর কক্ষের সামনে (প্যাথলজি বিভাগ) লাইনে দাঁড়িয়ে ছিলেন। এসময় ভিড়ের সুযোগ নিয়ে অভিযুক্ত সুমি বেগম (৩০) কৌশলে জেসমিন বেগমের ভ্যানিটি ব্যাগে হাত দেন। বিষয়টি টের পেয়ে জেসমিন বেগম তৎক্ষণাৎ সুমিকে হাতেনাতে ধরে ফেলেন।
আটককৃত সুমি বেগম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বন্দর বটতলা গ্রামের মৃত মুক্তার মোল্লার মেয়ে এবং যশোর সদর উপজেলার বদেরপুর গ্রামের মিলন শেখের স্ত্রী।
ঘটনার পর উপস্থিত জনতা অভিযুক্ত নারীকে যশোর সদর হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যদের নিকট হস্তান্তর করেন। পুলিশ জানায়, অভিযুক্ত নারী পেশাদার চোর চক্রের সদস্য কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

