আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কোহিনুর শিকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।পারিবারিক সূত্র জানায়, তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে লৌহজংজুড়ে শোকের ছায়া নেমে আসে।দলীয় নেতাকর্মীরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
বিকেলে লৌহজং সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় দোয়া মাহফিল।
এদিন সেখানে গণ-ইফতার মাহফিলও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি ছিল মুন্সীগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম আজাদের সম্মানে।
ইফতারের আগে মুসলিম উম্মাহ,দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাতে কোহিনুর শিকদারের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
ইফতার ও মাগরিব নামাজ শেষে একই মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।
সাধারণ মানুষও দলে দলে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান।
অনেকেই তাঁর রাজনৈতিক অবদান ও ব্যক্তিগত সদাচরণের কথা স্মরণ করেন।পরে রাতে বেজগাঁও মাদ্রাসা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজা ও দাফনে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।দীর্ঘদিন ধরে তিনি উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
দলকে সংগঠিত ও শক্তিশালী করতে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।স্থানীয় রাজনীতিতে তিনি অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে সুপরিচিত ছিলেন।

