গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলনের প্রস্তুতিকালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও ডিমলা থানা পুলিশ।
শনিবার উপজেলার তিস্তা নদীর বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও ডিমলা থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে অবৈধভাবে পাথর উত্তোলনের প্রস্তুতিকালে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।
অভিযানে একটি বোমা মেশিন, প্লাস্টিকের পাইপসহ অন্যান্য সরঞ্জামাদি এবং দুইটি ট্রাক্টর জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে মেশিন বসিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম জব্দ ও দুজনকে আটক করে।
স্থানীয়রা অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

