মজিদ ঠাকুরগাঁও প্রতিনিধি:
আজ দুপুর ১.৩০ মিনিটে আসন্ন ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. দেলাওয়ার হোসেন। আজ রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কার্যালয়ে তিনি তার সমর্থকদের সাথে নিয়ে এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি ঘোষণা দেন, আগামী ৮ অক্টোবর থেকে তিনি তাঁর নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করবেন।
দেলাওয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। ১১-দলীয় ঐক্যের মনোনীত এই প্রার্থী বলেন, “ঠাকুরগাঁওকে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। এলাকার জনগণের দীর্ঘদিনের অভাব-অভিযোগ দূর করা এবং সুশাসন নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।”
মনোনয়নপত্র দাখিলের সময় ১১-দলীয় ঐক্যের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, নির্বাচনী আচরণবিধি মেনে আগামী ৮ অক্টোবর থেকে ঠাকুরগাঁও-১ আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার পাড়া-মহল্লায় একযোগে গণসংযোগ ও প্রচার কাজ চালানো হবে।
উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর এই আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই জোট সমর্থিত প্রার্থী।

