তাড়াইল (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা: মো ওমর খান সানি:
কিশোরগঞ্জের তাড়াইলের শ্রমিক কালীপদ সূত্রধরকে (৪২) নির্মমভাবে হত্যার বিচারের দাবীতে বিল্ডিং নির্মাণ শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় সাবরেজিস্টার অফিসের সামনের সড়কে তাড়াইল উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভার প্রারম্ভে উক্ত মানববন্ধন ও কালীপদ সূত্রধরের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। নিহত কালীপদ চন্দ্র সূত্রধর তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের পশ্চিম সাচাইল গ্রামের বাসিন্দা সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে।
কালীপদ সূত্রধরের স্বজনরা জানায়, রবিবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রিজ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশা চালক কালীপদ চন্দ্র সূত্রধর গুরুতর জখম হয়। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আটককৃতরা হচ্ছেন, আশরাফুল ইসলাম (২০), মো. নাঈম (১৯) ও মো. দূর্জয় (২০)।
শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে রায়টুটী ব্রিজে ঘুরতে আসার কথা বলে কালীপদ চন্দ্র সূত্রধরের অটোরিকশাটি ভাড়া নেন তিন যুবক। পরে রায়টুটী গোয়ারা ব্রিজে এসে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন তারা। এতে বাধা দিলে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হন অটোরিকশা চালক কালীপদ। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনার পর পালানোর সময় স্থানীয়রা তিন যুবককে আটক করেন। পরে তাদের ইটনা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
তাড়াইলের শ্রমিক কালীপদ সূত্রধরকে নির্মমভাবে হত্যার বিচারের দাবীতে মানববন্ধনে কিশোরগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি কবির হোসেন এবং সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন। এসময় তাড়াইল উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

