কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জের কটিয়াদী সফর ঘিরে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জাতীয় মৎস্য দিবস উপলক্ষে রোববার (১৬ আগস্ট) কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তাঁকে একনজর দেখতে সকাল থেকেই অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষও অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে রোববার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টার দিকে তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন। বেলা দেড়টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য দিবসের উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
পরিত্যক্ত জলাশয় সংস্কার করে তরুণদের বরাদ্দ
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের পরিত্যক্ত ও অব্যবহৃত পুকুর ও জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বরাদ্দ দেওয়ার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। নদী, বিল, হাওর-বাঁওড় ও পুকুরসমৃদ্ধ বাংলাদেশের জলাশয়গুলো কাজে লাগিয়ে মাছ চাষের মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, মৎস্য খাত দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশীয় মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্য সংরক্ষণ, প্রযুক্তির ব্যবহার ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় যারা অবদান রাখছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, দেশের অনেক পুকুর ও জলাশয় কোনো কাজে ব্যবহার না হয়ে পড়ে আছে। এসব জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বরাদ্দ দেওয়া গেলে তাঁরা মাছ চাষসহ বিভিন্ন উৎপাদনমুখী কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জলাশয়কে কাজে লাগিয়ে তরুণদের কীভাবে উৎপাদনমুখী কর্মকাণ্ডে যুক্ত করা যায়, সে বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছি।’
১৪ মৎস্য চাষিকে স্বর্ণপদক
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের সেরা ১৪ জন মৎস্য চাষিকে বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণপদক ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মৎস্য খাতের রপ্তানি প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের প্রায় ৫২টি দেশে প্রায় ৬ হাজার কোটি টাকা মূল্যের মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানি করেছে। মৎস্য খাতকে আরও সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিতে এর অবদান বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
কটিয়াদী থেকে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী
কটিয়াদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং ইমাম ও পুরোহিতদের মধ্যে ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধনে অংশ নেন। পরে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কটিয়াদীসহ কিশোরগঞ্জজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই বিভিন্ন সড়ক ও অনুষ্ঠানস্থলে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

