জিয়াউল হক,ছাগলনাইয়া উপজেলা(ফেনী)প্রতিনিধি:
ছাগলনাইয়া বাজারে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে ভয়াবহ যানজট। সড়ক উন্নয়ন কাজের ধীরগতি ও টমটমচালকদের দৌরাত্ম্যে বাজারের প্রধান সড়ক, জিরো পয়েন্ট ও ডাকবাংলো মোড়ে প্রায় সারাদিনই যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। যাত্রী তোলার নামে টমটমচালকরা রাস্তার দুই পাশ দখল করে রাখায় গাড়ির গতি একেবারে থমকে যায়।
ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী কর্মজীবী মানুষ, অসুস্থ রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও সাধারণ ক্রেতারা চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে সকাল ও বিকেলবেলায় বাজারমুখী মানুষের ভিড়ের সময় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, “প্রতিদিন একই দৃশ্য দেখা যায়। বাজারে ঢুকতে বা বের হতে অন্তত আধা ঘণ্টা সময় লেগে যায়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।”
জানা গেছে, সড়ক সংস্কার কাজের ধীরগতির কারণে দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে খোঁড়াখুঁড়ি অবস্থায় পড়ে আছে। এতে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে, আর সেই সুযোগে টমটমচালকরা যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী তুলছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা, টমটম স্ট্যান্ড নির্ধারণ ও সড়ক সংস্কার কাজ দ্রুত শেষ করলেই এই দুর্ভোগ কিছুটা লাঘব হবে।

