আব্দুল আজিজ, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের পল্টন পুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— একই গ্রামের আলমগীরের স্ত্রী হাওয়া বিবি (৪৫) এবং তার মেয়ে আয়েসা খাতুন (২২)।
পারিবারিক সূত্রে জানা যায়, ভোর পাঁচটার দিকে বাড়ির পাশে থাকা চার্জার ভ্যানের বৈদ্যুতিক সুইচ টানতে গিয়ে হাওয়া বিবি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে মেয়ে আয়েসা খাতুন ছুটে গিয়ে মাকে বাঁচাতে চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই মা ও মেয়ে দুজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে উপস্থিত নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন জানান, চার্জার ভ্যানটি সম্ভবত আগে থেকেই বিদ্যুতায়িত অবস্থায় ছিল। ফলে স্পর্শ করার সঙ্গে সঙ্গে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, মা-মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
হঠাৎ এমন মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গ্রামের মানুষরা ঘটনাটিকে হৃদয়বিদারক উল্লেখ করে বলেন, একসঙ্গে মা ও মেয়েকে হারানো পরিবারটির উপর অমানবিক দুঃখ নেমে এসেছে।

