সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ:
হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাধবপুর উপজেলার সীমান্ত ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় বিজিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে একটি সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান আটক ও তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে। এর মধ্যে রয়েছে ভারতীয় জিরা, জিলেট ব্লেড ও কাবেরী মেহেদী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৯ লক্ষ ৮০ হাজার ৮০০ টাকা। বিজিবির তথ্যমতে, এ চোরাচালানটি কাভার্ড ভ্যানযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।এছাড়াও হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় ৫৫ বিজিবি’র টহল দল পৃথক অভিযান চালায়। এসব অভিযানে ৩৫ কেজি ভারতীয় গাঁজা, ৫০ বোতল ইস্কফ সিরাপ, ভারতীয় চিনি, সেগুন কাঠ, আতশবাজি, মশার কয়েল, ফুচকা, বাইসাইকেল ও দেশীয় রাবার জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য প্রায় ৪ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকা। বিজিবি’র অভিযান প্রসঙ্গে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “সীমান্তে চোরাচালান এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবি সব সময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।”তিনি আরও বলেন, “বিজিবি জনগণের আস্থা ও নিরাপত্তার প্রতীক। দেশ ও নতুন প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”জব্দকৃত সব পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে।
একই সঙ্গে আটককৃত পণ্যের সঙ্গে জড়িত চোরাচালানী চক্রের সদস্যদের শনাক্ত করতে বিজিবি ও গোয়েন্দা সংস্থার যৌথ তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।গত আগস্ট মাসেই ৫৫ বিজিবির একাধিক অভিযানে ২ কোটি ৬৯ লক্ষ ৩৫ হাজার ৩১০ টাকা মূল্যের বিভিন্ন মাদক ও চোরাচালানী পণ্য আটক করেছে। সাম্প্রতিক অভিযানগুলো সেই ধারাবাহিকতারই অংশ। বিজিবি’র তথ্যমতে, ভারতীয় সীমান্ত ঘেঁষা হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কিছু এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় চোরাচালানী চক্র পণ্য ও মাদক পাচার করছে।

