রিপোর্টার নারায়ণগঞ্জ:
শারদীয় দুর্গাপূজা-২০২৫ ইং উপলক্ষে গোলাকান্দাইল ইউনিয়নে অন্তর্গত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ জাহিদুল ইসলাম মিয়া। গতকাল তিনি সরেজমিনে বিভিন্ন মন্ডপ ঘুরে পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা দেন। প্রতিটি পূজা মন্ডপে বিশেষভাবে আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে, যাতে পূজা উদযাপন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পাশাপাশি পুলিশ ও গোয়েন্দা সংস্থার টহল জোরদার করা হয়েছে।
গোলাকান্দাইল ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে আশ্বস্ত করে জানান, স্থানীয় প্রশাসনের সহযোগিতা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে পূজার পরিবেশ হবে শান্তিপূর্ণ, ভয়মুক্ত ও উৎসবমুখর।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজা মন্ডপকে সর্বপ্রকার নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সেজন্য পর্যাপ্ত আলো, সিসিটিভি ক্যামেরা এবং নিয়মিত টহলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন মন্ডপে এবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

