চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CNCCI)-এর উদ্যোগে ৩৯তম বার্ষিক সাধারণ সভা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার এলাকায় অবস্থিত চেম্বার ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ।
সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমনসহ পরিচালকবৃন্দ আব্দুল বারেক, জাহাঙ্গীর কবির, নাজিবুর রহমান, মাহবুব আলম রাজু, এম কোরাইশি মিলু, বাহরাম আলী, উজায়ের হোসেন তপন ও শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া চেম্বারের সাধারণ সদস্য, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
সভায় চেম্বারের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে আব্দুল ওয়াহেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের ব্যবসা-বাণিজ্যের অগ্রগতিতে চেম্বারকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে সকল ব্যবসায়ীর ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।

