মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নীলডুমুর আরবিজিবির কোম্পানি সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, শনিবার দিবাগত আড়াইটার দিকে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি)-এর আওতাধীন নীলডুমুর আরবিজিবি কোম্পানি দক্ষিণ কৈখালী ফ্লুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মালিক বিহীন অবস্থায় একটি বিদেশী রিভলবার, ছয় রাউন্ড গুলি, সাড়ে তিন হাজার পিস ইয়াবা এবং ৫০ বোতল ভারতীয় ‘উইন কেয়ারেক্স’ কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ১২ লক্ষ টাকা। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য নিকটস্থ থানায় জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক, পরিচালক, লেঃ কর্ণেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস্।

