বিশেষ প্রতিনিধি মোঃ তপছিল হাছানঃ
জেঠার বাড়িতে বেড়াতে গিয়ে আর নিজ বাড়িতে ফেরা হলো না এসএসসি পরীক্ষার্থী পুষ্প (১৫)-এর। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় প্রাণ হারিয়েছে এই মেধাবী শিক্ষার্থী।
মর্মান্তিক ঘটনাটি ঘটে গতকাল বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকায়। বাড়ি ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় গুরুতর আহত হয় পুষ্প।
আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে দাউদকান্দি টোল প্লাজার কাছে জেঠা রতন পাটওয়ারীর বাড়িতে বেড়াতে গিয়েছিল পুষ্প। বুধবার বিকেলে নিজ বাড়ি মতলবগঞ্জ ফেরার সময় এই দুর্ঘটনার শিকার হয় সে।
নিহত পুষ্প মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী এবং বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। সে মতলব পৌরসভার পৈলপাড়া পাটওয়ারী বাড়ির বাসিন্দা কমল পাটওয়ারীর কন্যা। তার বাবা ঢাকায় কর্মরত। তিন ভাইবোনের মধ্যে পুষ্প ছিল সবার বড়। তার ছোট ভাই জোবায়ের মতলবগঞ্জ জে.বি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পুষ্পের মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরা গভীরভাবে শোকাহত হন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাহের হোসেন বলেন,
“পুষ্প আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একজন অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। তার মৃত্যুর খবর জানতে পেরে সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন,
“পুষ্প ছিল আমাদের বিদ্যালয়ের গর্ব। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

