হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহে বৈষম্যের অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ জেলা শাখা”। রবিবার (১৯ এপ্রিল) জেলা প্রশাসকের বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশে উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ হবিগঞ্জের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে আসলেও স্থানীয়ভাবে এর ন্যায্য বণ্টন নিশ্চিত হচ্ছে না। শহরে প্রায় ১৭ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ৬ মেগাওয়াট। একইভাবে জেলায় ১৫৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। এ অবস্থায় শহরে প্রতিদিন ৫-৬ ঘণ্টা এবং গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যা জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করা হয়। স্মারকলিপিতে বলা হয়, আংশিক বৈশ্বিক কারণ থাকলেও মূলত অব্যবস্থাপনার কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এতে হবিগঞ্জের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এ প্রেক্ষিতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করে শহরের জন্য প্রয়োজনীয় ১৭ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ নিশ্চিত করার পাশাপাশি জেলার সকল উপজেলার চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।
এছাড়া সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করে হবিগঞ্জবাসীর যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এ সংগঠনটি।

