শেখ আহাম্মেদ চট্টগ্রামঃ
সাগরিকা স্টেডিয়ামসংলগ্ন রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনের ইঞ্জিন ও কনটেইনার উল্টে যায়; তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ
চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন রেল গেইটে চালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিনসহ একটি কনটেইনার উল্টে যায় এবং মালবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্রে জানা যায়, চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড থেকে ভোর ৪টা ১০ মিনিটে ঢাকা আয়সিডি কমলাপুরের উদ্দেশ্যে ৩১টি কনটেইনারবাহী মালবাহী ট্রেনটি ছেড়ে আসে। ভোর ৪টা ১৮ মিনিটে ট্রেনটি সাগরিকা স্টেডিয়ামসংলগ্ন রেলগেইট পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা চালবোঝাই ট্রাকটি সজোরে ট্রেনটিকে ধাক্কা দেয়।
এ সময় দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড শামসু মিয়া ট্রাকের চালের বস্তার নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শামসু মিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দুর্ঘটনার পর গেটম্যানের দায়িত্ব পালনে গাফিলতি ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। গেট ব্যারিয়ার ভাঙা অবস্থায় পাওয়া যায়। তবে দায়িত্বে থাকা গেটম্যান সিফাত দাবি করেছেন, তিনি নিয়ম মেনেই দায়িত্ব পালন করছিলেন এবং ব্যারিয়ার নামানো ছিল। তার ভাষায়, “ট্রাকটি দ্রুত গতিতে আসায় এ দুর্ঘটনা ঘটে।”
রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ট্রাকচালক সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে কারও গাফিলতি ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনটি শুধুমাত্র মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়, যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।”
রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান জানান, “গেটম্যানের অবহেলা বা দ্রুতগামী ট্রাক—দুটোর যেকোনো একটি কারণে দুর্ঘটনা ঘটতে পারে। উদ্ধারকারী ক্রেন ঘটনাস্থলে পৌঁছেছে, উদ্ধার তৎপরতা চলছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

