সজিব আহমেদ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
আজ ৮ই ডিসেম্বর, ভালুকা মুক্ত দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। দিবসটি স্মরণে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভালুকা মুক্ত দিবসের মূল কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফিরোজ হোসেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসার (এসিল্যান্ড) মোঃ ইকবাল হোসেন।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে শহীদ মিনার চত্বরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও ও এসিল্যান্ড পুষ্পস্তবক অর্পণ করেন।
এ মহতী অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। এছাড়াও, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও র্যালিতে অংশ নিয়ে মুক্ত দিবসের চেতনাকে সমুন্নত রাখেন।
বক্তারা বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনে ভালুকা শত্রুমুক্ত হয়েছিল। তাঁরা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি উৎসবমুখর ও অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

