নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় ট্রাক চাপায় মোতালেব হোসেন (৫০) নামে এক অটোচার্জার ইজিবাইক চালক নিহত হয়েছেন।এ দুর্ঘটনায় অটোচার্জার ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছে।১৪ ডিসেম্বর রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার কাঁঠালতলী-রানীনগর আঞ্চলিক সড়কের পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত অটোচার্জার ইজিবাইক চালক মোতালেব হোসেন রাণীনগর উপজেলার খট্রশর গ্রামের মৃত বরকতের ছেলে।আহতরা হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আলম খন্দকারের ছেলে আজগর হোসেন (৩১),নওগাঁর সদর উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া এলাকার মৃত জামালের স্ত্রী মালেকা বেওয়া (৫০) এবং শিমুলিয়া মণ্ডলপাড়া এলাকার আব্দুল লতিফের কন্যা জেরিন (২০)।স্থানীয়রা জানায়,জেলা শহর থেকে তিনজন যাত্রী নিয়ে ব্যাটারি চালিত একটি অটোচার্জার ইজিবাইক রাণীনগরের দিকে যাওয়ার সময় ওই স্থানে পৌঁছালে বিপরীত গামী একটি ট্রাকের সংঘর্ষ হয়।এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে অটোচার্জার ইজিবাইকের উপর উল্টে যায়।এতে ঘটনাস্থলেই অটোচার্জার ইজিবাইক চালক নিহত হয়।আহতদের উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

