রাণীনগর (নওগাঁ) থেকে মাসুদ:
নওগাঁর রাণীনগরে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় বিস্ফোরক মামলার সন্দিগ্ধ আসামি কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুল ওহাব চাঁন উপজেলার রাতোয়াল গ্রামের বাসিন্দা। তিনি কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে আব্দুল ওহাব চাঁনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে কালীগ্রাম ইউনিয়ন পরিষদের সামনের এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাকে নওগাঁ আদালতে প্রেরণ করা হয়।

