বাগেরহাট প্রতিনিধি | মোঃ রাকিবুল ইসলাম:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার অন্যতম ইউনিয়ন ৫ নং বারুইপাড়া ইউনিয়নের যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য উন্মুক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এ ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয় বারুইপাড়া ইস্কুল মাঠে।
সকাল থেকেই মাঠে জড়ো হতে থাকে বিভিন্ন বয়সী তরুণ-যুবক ও স্থানীয় দর্শনার্থীরা। একের পর এক খেলায় অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো মাঠকে প্রাণবন্ত করে তোলে। প্রতিযোগিতায় বেলুন ফাটানোসহ নানা রকম বিনোদনমূলক খেলা অনুষ্ঠিত হয়। খেলাগুলোর শেষ পর্বে বাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা দড়াটানা অনুষ্ঠিত হয়। দর্শকদের মাঝে উত্তেজনা ও আনন্দের সৃষ্টি হয়।
খেলা শেষে এক সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৫ নং বারুইপাড়া ইউনিয়ন আমির শেখ মহিউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ক্রীড়া চর্চা যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভবিষ্যতেও এমন স্বাস্থ্যকর ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
পুরস্কার বিতরণ শেষে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সারাদিনব্যাপী এ আয়োজনজুড়ে পুরো এলাকায় বিরাজ করে উৎসবমুখর, আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ, যা অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

