ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নে শীতার্ত অসহায় ও সুবিধাবঞ্চিত আদিবাসী পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। তিনি সরকারি বরাদ্দের ৪শ টি কম্বলের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ২২শ কম্বল গভীর রাত পর্যন্ত ইউনিয়নের আদিবাসী সম্প্রদায় ও অসহায় ও দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) আনুমানিক রাত ৯ টায় কম্বল বিতরণের অংশ হিসেবে উপজেলার ৩নং সিংড়া ইউপি’র আবিরেরপাড়া মৌজার শুকানপুকুর ও মাহালিপাড়ায় ১৩০টি আদিবাসী পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতার মাঝেই রাতের আঁধারে নিজেই এসব পরিবারের উপস্থিত হয়ে কম্বল তুলে দেন ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। বিশেষ করে শীতের ঝুঁকিতে থাকা বিধবা নারী, বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে অসুস্থ ও হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। অনেক ক্ষেত্রে ঘুমন্ত মানুষদের ডেকে তুলে তাদের হাতে কম্বল তুলে দিতে দেখা যায় এ জনপ্রতিনিধিকে, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে।
তিনি জানান, শুধু সরকারি সহায়তার ওপর নির্ভর না করে নিজ ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্ট পায় গরিব ও অসহায় মানুষ। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করছি। যতদিন শীত থাকবে, ততদিন সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করবো।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগী আদিবাসী পরিবারগুলোর সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন গভীর রাতে জনপ্রতিনিধিকে নিজ বাড়িতে পেয়ে শীতবস্ত্র গ্রহণ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও উপকৃত হয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, জনপ্রতিনিধির এমন মানবিক উদ্যোগ এবং শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

