সাইদুজ্জামান ভুইয়া, কুমিল্লা প্রতিনিধি:
মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবা হী পিঠা উৎসব। শনিবার সকাল থেকে ভবানীপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে, শীতের আমেজকে ঘিরে গ্রামীণ সংস্কৃতি ও বাঙালির চিরাচরিত খাবারের ঐতিহ্য তুলে ধরতেই এ উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকেই গ্রামের মাঠে ভিড় জমাতে শুরু করেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ। রঙিন ব্যানার, ইসলামীক সঙ্গীত আর পিঠার সুগন্ধে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত।
উৎসবে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্টল বসানো হয়। ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধ চিতই, তিল পিঠা, নকশি পিঠা, মালপোয়া ও পুলি পিঠা, মেরা পিঠা, সিরিন্জ পিঠাসহ অর্ধশতাধিক পিঠা দর্শনার্থীদের আকর্ষণ করে। বিশেষ করে গ্রামের নারীরা নিজেদের হাতে তৈরি পিঠা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে পিঠার স্বাদ নিতে আসেন এবং শীতের এই আয়োজন উপভোগ করেন।
উৎসবের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য ও দেশীয় খাবারের সংস্কৃতি তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।
পিঠা উৎসবকে কেন্দ্র করে ইসলামীক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
গ্রামের প্রবীণরা বলেন, আগের দিনের গ্রামীণ আনন্দ ও মিলনমেলার স্মৃতি নতুন করে ফিরিয়ে এনেছে এই পিঠা উৎসব। আয়োজকদের আশা, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ উৎসব আয়োজন করা হবে এবং এটি একসময় বৃহৎ পরিসরে জেলার একটি পরিচিত উৎসবে পরিণত হবে।
অনুষ্ঠানটি মোঃ ইকবাল হোসাইনের সভাপতিত্বে মোঃ মনিরুল ইসলাম শেখ ও মাওলানা সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ইউপি সদস্য তৈয়ব হোসেন, সমাজ সেবক মজিবুর রহমান, মিজানুর রহমান, ভবানীপুর যুব কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ

