মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম :
ডিসেম্বরের ২৮ তারিখে শীতের প্রচন্ড তীব্রতা বিবেচনায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গভীর রাতে নিজে উপস্থিত হয়ে মহানগরের বিভিন্ন রাস্তায় অবস্থানরত অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও বসতবাড়িহীন ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে তার এই মানবিক উদ্যোগে আজ রাতে মোট ৫০০টি কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আওতায় আজ রাত ১১ টা থেকে রাত ১ টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর ডিসি হিল, কাজির দেউরি, সিআরবি, রেলস্টেশন এলাকা, শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকা এবং মেহেদীবাগ এলাকায় অবস্থানরত শীতার্ত মানুষদের কাছে ঘুরে ঘুরে কম্বল তুলে দেন জেলা প্রশাসক। এ সময় উপপরিচালক স্থানীয় সরকার (ডিডিএলজি), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।
শীতের এই দুঃসময়ে জেলা প্রশাসকের এ মানবিক উদ্যোগে সশরীরে উপস্থিতি শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ও আশার বার্তা পৌঁছে দেয়। জেলা প্রশাসনের এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

