আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ আব্দুল বাছেদ শেখ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্রামের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক আব্দুল বাছেদ শেখ ওই গ্রামের মৃত খলিল শেখের ছেলে।
বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আব্দুল বাছেদ শেখকে তার নিজ বাড়ি থেকে গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার সকালে তাকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

