আশরাফুল আলম সরকার
স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম সংযোগস্থল মাওনা চৌরাস্তায় মহাসড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানগুলোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। এ অভিযানে সরাসরি নেতৃত্ব দেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান।
দীর্ঘদিন ধরে মহাসড়কের ওপর এসব অবৈধ দোকানের কারণে যান চলাচলে সৃষ্টি হচ্ছিল তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। উচ্ছেদ অভিযানের ফলে মহাসড়কের প্রশস্ততা ফিরে আসতে শুরু করেছে এবং স্বাভাবিক যান চলাচলে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন চালক ও স্থানীয় পথচারীরা।
এ উদ্যোগের জন্য হাইওয়ে থানার ওসি কামরুজ্জামানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে মহাসড়ক দখলমুক্ত রাখা হবে।
তবে এই উচ্ছেদ অভিযান কতটুকু কার্যকর ও স্থায়ী হবে, তা আগামীর দিনগুলোতেই প্রমাণিত হবে। স্থানীয়দের প্রত্যাশা—এককালীন অভিযানের পরিবর্তে টেকসই ব্যবস্থার মাধ্যমে মাওনা চৌরাস্তায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

