মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ আসন (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আনিসুল হক মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আনিসুল হক বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, জেলা রিটার্নিং অফিসার কর্তৃক তার মনোনয়নপত্র “বৈধ বলে ঘোষণা করা হয়েছে।”
ফেসবুক পোস্টে তিনি আরও জানান, তিনি সুনামগঞ্জ-১ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থনে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিপুল ভোটে বিজয়ী হয়ে সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করতে চান।
এছাড়াও তিনি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অবিসংবাদিত রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের জন্য এই বিজয় উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ-১ আসনটি তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আনিসুল হকের মনোনয়ন বৈধ ঘোষণাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

