জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে পুনরায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। বুধবার( ৭ জানুয়ারি ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মোঃ ফজলুল হক।
কারখানা সুত্রে জানা যায়, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা ১৯৯১ সালে তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত হয়। কারখানার সঠিক উৎপাদনের জন্য প্রতিদিন গড়ে ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়।গত ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে তিতাস কোম্পানী গ্যাসের প্রেসার কমিয়ে দেয়ার কারনে উৎপাদন ও কারখানা বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারী পুণরায় গ্যাস সংযোগ পেয়ে আবার উৎপাদন শুরু করে কারখানাটি। কিন্তু উৎপাদন শুরুর ৪ দিনের মাথায় অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারনে ২৬ ফেব্রুয়ারী রাতে ফের উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তারপর থেকে বন্ধ রয়েছে বৃহৎ এ সার কারখানাটি। গত ২৪ নভেম্বর থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি করলে দীর্ঘ ৩০ দিন নানা ত্রুটি মেরামত করে ২৩ ডিসেম্বর বিকেল ৪ টা ১৫ মিনিটে পুরোপুরি উৎপাদনে যায় কারখানাটি। উৎপাদন শুরু হওয়ার ১৫ দিনের মাথায় অ্যামোনিয়া প্লান্টের যান্ত্রিক ত্রুটির কারনে মঙ্গলবার(৬ জানুয়ারি) রাত থেকে যমুনা সার কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মোঃ ফজলুল হক জানান, অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলে দ্রুত আবারও উৎপাদনে ফিরবে কারখানাটি।

