মোহাম্মদ সোহেল◾বিশেষ প্রতিনি:
টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৯ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর পর্যন্ত জেলার ছয়টি থানা এলাকায় এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: মোসা. তারেনা, সাইফুল মিয়া, মো. মিনহাজ মিয়া, মো. রাজিব, মো. কবির, মো. রফিক, মো. মিনহাজ, শাজাহান ওরফে নয়া শিকদার। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সখীপুর, ঘাটাইল, মির্জাপুর, বাসাইল, গোপালপুর ও মধুপুর থানার বিভিন্ন মামলার আসামি ও সন্দেহভাজন হিসেবে এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিগগিরই তাদের আদালতে হাজির করা হবে। জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণে রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

