জামালপুর প্রতিনিধি।।
জামালপুর জেলা কারাগারে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে সুলতান শেখ (৪০) নামে এক সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কারাগারের জেল সুপার মো: গোলাম দস্তগীর এ বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল সাড়ে ৯টার দিকে ওই আসামীর মৃত্যু হয়।
তিনি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকার চটকু শেখের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, সুলতান শেখ দীর্ঘদিন শ্বাসকষ্ট ও চর্মরোগে ভুগছিলেন। এর আগেও অসুস্থতার কারণে তাকে একাধিকবার জামালপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। শনিবার সকালে তীব্র শীতের কারণে তার শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে গেলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত জামালপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেলা কারাগারের জেল সুপার মো: গোলাম দস্তগীর বলেন, সাজাপ্রাপ্ত আসামী সুলতান শেখ শ্বাসকষ্ট ও চর্মরোগে আক্রান্ত ছিলেন। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

