জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জিহাদ হাসান (১৬) হত্যা মামলার প্রধান আসামি মুন্নাকে (১৮) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গত রবিবার (১১ জানুয়ারি) সদর উপজেলার নান্দিনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মুন্না সদর উপজেলার গহেরপাড়া গ্রামের মো: আবুল কাশেমের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় জিহাদ তার নিজ বাড়ি থেকে চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে গহেরপাড়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে পূর্বশত্রুতার জেরে মুন্না, সাইফুলের ছেলে সাঈদ, মোকছেদের ছেলে আবুল কাশেমসহ অজ্ঞাত আরও ৪/৫ জন জিহাদের পথরোধ করে হামলা চালায়।একপর্যায়ে মুন্না তার হাতে থাকা ছুরি দিয়ে জিহাদকে পেছন থেকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক জিহাদকে পরীক্ষা নীরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত জিহাদের বাবা ফিরোজ মিয়া পরদিন ৮ জানুয়ারি সদর থানায় ৩ জনকে নামীয় ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়। অভিযানের অংশ হিসেবে রবিবার নান্দিনা বাজার এলাকা থেকে প্রধান আসামি মুন্নাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত মুন্নাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

