রিপোর্ট : মো মিজানুর রহমান
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের পশ্চিম নিলাম্বরপট্রি ফকির পাড়া এলাকার জনগণের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অবসান হয়েছে। অত্র এলাকার খালের ওপর জরাজীর্ণ বাঁশের সাঁকোর পরিবর্তে নবনির্মিত কালভার্ট যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। স্থানীয় সমাজসেবক এবং জনহিতৈষী ও সৎ রাজনৈতিক ব্যক্তি তারিকুর রহমান আলাল, আহবায়ক, চান্দহর ইউনিয়ন সেচ্ছাসেবক দল। এর বিশেষ প্রচেষ্টায় এই উন্নয়নমূলক কাজটি সম্পন্ন হয়।
দীর্ঘদিন ধরে পশ্চিম নিলাম্বরপট্রি ফকির পাড়া এলাকার মানুষের খালের এপার-ওপার যাতায়াতে একমাত্র ভরসা ছিল একটি নড়বড়ে বাঁশের সাঁকো। সামান্য বৃষ্টিতেই পিচ্ছিল হয়ে যাওয়া এই সাঁকো দিয়ে যাতায়াত করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে লাশের খাটিয়া, বৃদ্ধ , শিশু এবং অসুস্থ রোগীদের জন্য এটি ছিল এক বড় বাধা।
কালভার্টটি নির্মিত হওয়ার ফলে সবচেয়ে বড় স্বস্তি ফিরেছে স্থানীয় কবরস্থানে মরদেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এছাড়া কৃষিপণ্য ও দৈনন্দিন মালামাল পরিবহনে এলাকাবাসীকে মাইলের পর মাইল ঘুরে বিকল্প পথে আসতে হতো। কালভার্টটি হওয়ার ফলে এখন অনায়াসেই ভ্যান, রিকশা ও ছোট যানবাহন চলাচল করতে পারছে।
আলাল -এর এই উদ্যোগটি এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে তাকে সাধুবাদ জানিয়েছেন। এলাকাবাসী মনে করছেন, এমন নিঃস্বার্থ উদ্যোগ গ্রামীণ জনপদের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

