তৌহিদুল ইসলাম শামিম,
হিলি,(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও জীবনদর্শন তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, দেশের সংকটময় সময়ে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠনে তাঁর ভূমিকা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আজও মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক এস এম বিপুল, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আজাদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, মহিলা দলের নেত্রীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

