মোঃ আবু বকর,
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের এক শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসের চেতনায় চিরঞ্জীব ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীরা জানান, গত ১৩ জানুয়ারি আসাদ হলের ২০৮ নম্বর কক্ষে রবিউল ইসলাম নামে ওই ছাত্রের ওপর বহিরাগত একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ ঘটনার পর থেকেই ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ বাড়ছে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি আবার ভাস্কর্য চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ক্যাম্পাসকে নিরাপদ রাখতে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ জরুরি। কিশোর গ্যাং, সন্ত্রাসী কার্যক্রম ও হল দখল–রাজনীতি বন্ধে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন। তারা বলেন, শিক্ষার্থী ও শিক্ষক–কর্মকর্তাদের জন্য শান্তিপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত না হলে এ ধরনের আন্দোলন আরও কঠোর হবে।

