আল মিরাজ
নীলফামারী প্রতিনিধি:
প্রতিবেদন :
ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জুতার রঙে সামান্য অমিলকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর অমানবিক শাস্তি প্রয়োগের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাহ ও সহকারী শিক্ষক মঞ্জুশ্রী এবং কাশেম।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি বিদ্যালয়ের মাঠে কয়েকজন ছাত্রীকে জুতার রঙ নির্ধারিত রঙের সঙ্গে সামান্য অমিল থাকায় কান ধরে উঠাবসা করানো হয়। একই সঙ্গে তাদের সূর্যের দিকে তাকিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়। এমন শাস্তিতে ছাত্রীদের শারীরিক ও মানসিকভাবে অপমানিত হতে হয়েছে বলে অভিযোগ অভিভাবকদেরএকাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে শাসনের নামে এমন অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের সন্তানদের মানুষ করার জায়গায় যদি ভয় আর অপমান দেওয়া হয়, তাহলে আমরা বিচার চাইব।”
ঘটনার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া আইনত দণ্ডনীয় এবং নৈতিকভাবেও অপরাধ। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে শিক্ষার্থীদের মানবাধিকার রক্ষা ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।

