চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি –
মো: মুশফিকুল আনাস মজুমদার
কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশ শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় ছাত্রশিবিরের চৌদ্দগ্রাম দক্ষিণ শাখার সভাপতি রিফাতসহ জামায়াতে ইসলামের একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সমাবেশ শেষে ফেরার সময় জগন্নাথদিঘীর হাটবাইর গ্রাম এলাকায় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা গুলি ছুড়লে রিফাতসহ কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

