সজিব আহমেদ,
ভালুকা (ময়মনসিংহ) | ৩ ফেব্রুয়ারি, ২০২৬ মঙ্গলবার
ময়মনসিংহের ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের মাঝে টাকা বিতরণের দায়ে আব্দুল হামিদ ক্বারীসহ ছয়জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান রাহাতুল জান্নাত মহিলা মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বগাজান এলাকার ওই মহিলা মাদ্রাসায় অবস্থান নিয়ে একদল লোক ভোটারদের টাকা বিলিয়ে প্রভাবিত করার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে টাকা বিতরণের প্রমাণ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.বি.এম কাউসার জামান। তিনি সংগৃহীত আলামত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ঘটনার সত্যতা পান। পরে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর ৪(১) ধারা লঙ্ঘনের দায়ে আব্দুল হামিদ ক্বারীসহ ছয় ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তবে আটককৃতদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মানবিক কারণে তাকে সাজা দেওয়া হয়নি; মায়ের উপস্থিতিতে মুচলেকা গ্রহণ করে তাকে মুক্তি দেওয়া হয়।
সহকারী রিটার্নিং অফিসার (১৫৬ ময়মনসিংহ-১১) ও ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানিয়েছেন, একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। নির্বাচনি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
সাজাপ্রাপ্ত ছয়জনকে রাতেই পুলিশি পাহারায় জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। নির্বাচনের আগে এমন তৎপরতা সাধারণ ভোটারদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

