মোঃ জহিরুল ইসলাম , বাঘাইছড়ি | ৩ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯ নং রাঙামাটি আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বাঘাইছড়ি উপজেলার ৩৭নং আমতলী ইউনিয়নের মাহিল্যা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে এক বিশাল জনসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। পাহাড়ি ও বাঙালি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সমাবেশ এক সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।
আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সিরাজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মজনুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। সমাবেশে জেলা, পৌর ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
সকাল থেকেই পার্শ্ববর্তী কালাপাকুইজ্যা ও সারোয়াতলী ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাহিল্যা বাজারে জড়ো হতে থাকেন। ব্যানার ও ফেস্টুনে ছেয়ে যায় পুরো এলাকা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন:
“বিগত বছরগুলোতে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, আশা করি আগামী ১২ তারিখেও ধানের শীষে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন। নির্বাচনের দিন পর্যন্ত দায়িত্ব আপনাদের, আর নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়ন ও সেবার দায়িত্ব আমার।”
তিনি আরও যোগ করেন যে, এই জনপদের প্রতিটি ধূলিকণা তাঁর চেনা। নির্বাচিত হলে বাঘাইছড়ির স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর দীর্ঘদিনের ভ্রাতৃত্বের কথা স্মরণ করিয়ে দেন। তাঁরা বলেন, আসন্ন নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করার মাধ্যমেই এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব। স্থানীয় বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের গণজমায়েত পাহাড়ি-বাঙালিদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।

