মোঃ রাকিব হাওলাদার
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে যৌথ বাহিনীর বিশেষ নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
নির্বাচনী মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও বাংলাদেশ পুলিশের সদস্যরা অংশ নেন। মহড়া উপলক্ষে যৌথ বাহিনীর সদস্যরা চরমোন্তাজ ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র প্রদক্ষিণ করেন।
মহড়ার মূল উদ্দেশ্য ছিল নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা। একই সঙ্গে সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে জনসাধারণকে আশ্বস্ত করা হয়।
মহড়া শেষে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রাঙ্গাবালী উপজেলা ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং চরমোন্তাজ ইউনিয়ন চারদিক নদীবেষ্টিত হওয়ায় এখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় যৌথ বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে তারা জানান।

