নিজস্ব প্রতিনিধি মোঃ তপছিল হাছানঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকা–পেন্নাই সড়কের একটি অংশে গাইড ওয়াল নির্মাণে গুরুতর অনিয়ম ও নিম্নমানের ঢালাইয়ের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাথরের খোয়া কম দিয়ে সিলেকশনের বালু ব্যবহার করে ঢালাই দেওয়া হচ্ছে, যা নির্মাণমানের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
সরেজমিনে দেখা যায়, গাইড ওয়ালের বিভিন্ন অংশে ঢালাই অসমান এবং যথাযথ কম্প্যাকশন না হওয়ায় কংক্রিট শক্তভাবে বসেনি। অভিযোগ রয়েছে, ঢালাইয়ের সময় ভাইব্রেটার ব্যবহার করা হয়নি। ফলে ভেতরে ফাঁপা জায়গা তৈরি হয়ে দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে—এমনকি কাজ চলমান থাকার মধ্যেই কিছু অংশে চিড় ধরেছে।
এছাড়াও, নিম্নমানের কাজ আড়াল করতে কিছু জায়গায় বালির মাধ্যমে প্লাস্টার করে ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এতে করে ভবিষ্যতে বড় ধরনের ভাঙন বা দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
স্থানীয়দের দাবি, রোশন হাইওয়ে প্রশাসনের যথাযথ তদারকি না থাকা এবং দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের গাফিলতির কারণেই এমন নিম্নমানের কাজ অব্যাহত রয়েছে। অভিযোগ রয়েছে, রনি এন্টারপ্রাইজ নামের ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজ বাস্তবায়ন করছে এবং অনিয়মের মধ্য দিয়েই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ, কাজের মান যাচাই এবং প্রয়োজন হলে পুনরায় মানসম্মতভাবে গাইড ওয়াল নির্মাণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার প্রতিষ্ঠানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

