সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীর সোনাগাজীতে পরিবেশ ও সড়ক রক্ষায় গণ দাবির প্রেক্ষিতে অবৈধ বালুর মহল তৈরি ও বিক্রয় বন্ধের নির্দেশ দিয়েছেন স্থানীয় এলাকার সংসদ সদস্য পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
তিনি আজ মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি স্থানীয় যুবদল নেতা খুরশিদ আলম ভুঞার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
খুরশিদ আলম ভূঁইয়া জানান, সোনাগাজীতে বৈধ কোনো বালুর মহল না থাকায়, অবৈধ সকল বালুর মহল বন্ধ করতে নির্দেশ দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৫ ই আগস্ট এর পর থেকে সোনাগাজীর ছোট ফেনী ও বড় ফেনী নদী থেকে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী মহল রাজনৈতিক ছত্রছায়ায় ব্যাপকভাবে বালু উত্তোলন ও বিক্রয় শুরু করেন। এ অবস্থায় স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন জেলা প্রশাসক সাইফুল ইসলাম সকল বালুর মহল অবৈধ ঘোষণা করে পরিপত্র জারি করেন এবং ওই দিন থেকে সোনাগাজীতে কোন বৈধ বালির মহল নেই বলে ঘোষণা দেন।
জেলা প্রশাসকের ঘোষণার পর কিছুদিন বালু উত্তোলন বন্ধ থাকলেও জেলা প্রশাসকের ট্রান্সফারের সাথে সাথে আবারো অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয় শুরু করেন। এতে শতশত বালু ট্রাক সড়ক দিয়ে যাতায়াতের কারণে স্থানীয় এলাকার সড়ক গুলো ভেঙে বিপর্যয় নেমে আসে এবং পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ে যায়। বিশেষ করে সোনাগাজী চরচান্দিয়া ইউনিয়নের কেরামতিয়া বাজার সড়ক, ওলামা বাজার সড়ক, ভূইয়া বাজার সড়ক, পূর্ব বড় দলীয় এলাকার সড়ক, ১ নং চর মজলিসপুর এলাকার, বগাদানা ইউনিয়ন ও চর দরবেস এলাকা।
স্থানীয় প্রশাসন বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন কিছু অভিযান পরিচালনা করলেও বালু খেকোদের থামানো যায়নি বলে পরিবেশ আরো হুমকির মুখে পড়ে যায়। এ নিয়ে স্থানীয় প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছেন।
এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ গণমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার পর গোয়েন্দা সংস্থাগুলো সরজমিন পরিদর্শন করে জেলা প্রশাসককে বিষয়টি নিয়ে বর্তমান জেলা প্রশাসক মনিরা হককে অবহিত করেন।
এরি প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক মনিরা হক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে বিষয়টি নিয়ে সরেজমিন পরিদর্শন করে তথ্য প্রদানের নির্দেশ দেন।
এবং সাথে সাথে জেলা প্রশাসক উক্ত অবৈধ বালুর মহল তৈরি, উত্তোলন ও ব্যবস্থাপনার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নিতে পানি উন্নয়ন বোর্ড সহ জেলা প্রশাসকের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
ফেনী জেলা প্রশাসক মনিরা হক জানান, সোনাগাজীতে কোন বৈধ বালুর মহল নেই। সোনাগাজীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ বিপর্যয়ের বিষয়ে অভিযোগ শুনতে শুনতে আমি আর নিতে পারছি না। বালু মহল তৈরি, বালু উত্তোলন ও ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনে আমি সরে জমিনে গিয়ে ব্যবস্থা নিতে হবে।
এ অবস্থায় আজ স্থানীয় সংসদ সদস্য পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু অবৈধ বালুর মহল বন্ধের নির্দেশ দিলে, খবরে স্থানীয় এলাকায় স্বস্তি নেমে আসে।
সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া জানান, আব্দুল আউয়াল মিন্টু ভাই নির্দেশ দিয়েছেন অবৈধ সকল বালুর মহল বন্ধ করতে, অচিরেই মন্ত্রীর নির্দেশ স্থানীয় এলাকায় বাস্তবায়ন করা হবে।

