আল আমিন, বিশেষ প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের গজনী বিট এলাকায় দিনের পর দিন নির্বিচারে কাটা হচ্ছে ছোট ছোট শাল গাছ। অভিযোগ উঠেছে, কিছু অসাধু কয়লা ব্যবসায়ী প্রশাসনের নাকের ডগায় বসেই এই বন ধ্বংসের মহোৎসব চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গজনী বিটের বিভিন্ন এলাকায় শাল গাছ কেটে স্তূপ করে রাখা হচ্ছে। পরে এসব কাঠ থেকে কয়লা তৈরি করে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, মাসিক ‘মানতি’র মাধ্যমে প্রকাশ্যেই চলছে এই অবৈধ কর্মকাণ্ড।
স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে যদি বন নিধন চলতেই থাকে, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই শেরপুরের গারো পাহাড় তার প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হবে। এটি শুধু একটি এলাকার সমস্যা নয়—এটি পরিবেশ, প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের প্রশ্ন।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, অবিলম্বে অভিযান পরিচালনা করে জড়িত অসাধু কয়লা ব্যবসায়ী ও তাদের সহযোগীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি গারো পাহাড়ের বন রক্ষায় কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তারা।
এ বিষয়ে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

