ঢাকা,, ১৩ মার্চ, ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আসন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে চরম উৎসাহ ও প্রত্যাশার আবহ বিরাজ করছে। বিশেষ করে ঢাকা মহানগরের ছাত্রনেতারা যারা অতীতের সকল আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তাদের যথাযথ মূল্যায়নের দাবি জোরালো হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর ছাত্রদল (উত্তর ও দক্ষিণ) আন্দোলন-সংগ্রামে সর্বোচ্চ ত্যাগের স্বাক্ষর রেখেছে। নেতাকর্মীরা জেল-জুলুম, নির্যাতন এবং অসংখ্য মামলায় জর্জরিত হয়েও প্রতিটি আন্দোলনে সক্রিয় থেকে দলকে শক্তিশালী ভিত্তি দিয়েছেন। এই আত্মত্যাগের ইতিহাসকে সম্মান জানিয়ে আগামী কমিটিতে মহানগর ছাত্রদলকে সর্বোচ্চ মূল্যায়নের দাবি জানাচ্ছে তৃণমূলের একটি বড় অংশ।
বিশেষ করে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সংগ্রামী সভাপতি মোঃ সোহাগ ভূঁইয়া-কে কেন্দ্রীয় সংসদের গুরুত্বপূর্ণ পদে অর্পণের দাবি প্রবল হয়ে উঠেছে। তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, সোহাগ ভূঁইয়া দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং বিভিন্ন ক্রান্তিকালে নেতৃত্বের সক্ষমতার পরিচয় দিয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি বিশাল অংশের দাবি, আগামী কমিটিতে এই ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে অন্তর্ভুক্ত করা না হলে তৃণমূলের মধ্যে হতাশা দেখা দিতে পারে। তারা মনে করেন, সোহাগ ভূঁইয়ার মতো নেতাদের মূল্যায়নই সংগঠনকে আরও গতিশীল করবে এবং আগামী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে ঢাকা মহানগরীর একাধিক তৃণমূল পর্যায়ের কর্মী বলেন, “মহানগর ছাত্রদল সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, সবচেয়ে বেশি মামলা ও নির্যাতন সহ্য করেছে। সোহাগ ভূঁইয়া ভাই সেই সংগ্রামী ধারার প্রতিনিধি। তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে তৃণমূলের প্রাণের দাবি পূরণ করতে হবে।”
আগামী সপ্তাহে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ত্যাগ ও সংগ্রামের ভিত্তিতে কাদের অগ্রাধিকার দেওয়া হয়, সেদিকে তাকিয়ে আছে ছাত্রদলের অগণিত নেতাকর্মী।

