স্টাফ রিপোর্টার শরিফ মিয়া
ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাসান দেওয়ান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত হাসান দেওয়ান আশুলিয়ার কলমা সূতি এলাকার বাসিন্দা।
অপরদিকে একইদিন রাত ১২টা ৫ মিনিটে সাভার থানাধীন ঝাউচর (মেন্ডা গাছতলা) এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই মোঃ আঃ হাই ফকির। এ সময় ১ কেজি গাঁজাসহ মোঃ রুহুল আমিন (৩৬) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত উভয় আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা আরও জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক ব্যবসা নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

