ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি শর্টগানের কার্তুজ ও ৯টি টিয়ার (টিআর) গ্যাস সেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে কোতয়ালী থানাধীন করিমপুর এলাকায় এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল কোতয়ালী থানার করিমপুর এলাকায় অভিযান চালায়। জনৈক রইচ উদ্দিন মুন্সীর পোল্ট্রি ফার্মের পশ্চিম পাশে কানাইপুর-চাঁদপুরগামী পাকা রাস্তার পাশের একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব কার্তুজ ও টিয়ার সেল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্ধারকৃত শর্টগানের কার্তুজ ও টিয়ার গ্যাস সেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করতে র্যাবের এই ধরনের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

