তৌহিদুল ইসলাম শামিম, হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার একমাত্র ফিলিং স্টেশন ঘিরে দেখা দিয়েছে তীব্র ভিড়। দীর্ঘদিন ধরে এলাকাটিতে তেলের সংকট থাকায় প্রতিদিনই মোটরসাইকেলের দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই তেল নেওয়ার জন্য মোটরসাইকেল আরোহীরা লাইনে দাঁড়িয়ে আছেন। প্রায় এক কিলোমিটারজুড়ে এই দীর্ঘ সারি বিস্তৃত হয়েছে। অন্যদিকে, আশপাশের বেশ কয়েকটি তেলের পাম্প বন্ধ থাকলেও হিলি ফিলিং স্টেশনে তেল বিক্রি কার্যক্রম চালু রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। তার তত্ত্বাবধানে লাইসেন্সধারী মোটরসাইকেল চালকদেরকেই শুধুমাত্র তেল সরবরাহ করা হচ্ছে। যাদের প্রয়োজনীয় কাগজপত্র নেই, তাদের লাইন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, সুষ্ঠুভাবে তেল বিতরণ নিশ্চিত করতে সকাল থেকেই শৃঙ্খলাপূর্ণভাবে তেল দেওয়া হচ্ছে। তিনি জানান, এলাকার মানুষ যাতে নির্বিঘ্নে তাদের কর্মস্থল বা ব্যবসায়িক কাজে যাতায়াত করতে পারেন, সেজন্য মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে তেল সরবরাহ করা হচ্ছে।
এদিকে, দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক চালক তেল না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। স্থানীয়দের দাবি, দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক করা না হলে ভোগান্তি আরও বাড়বে।

