মোস্তফা কামাল, রাজারহাট,(কুড়িগ্রাম) প্রতিনিধি: তারিখ: ১২/০৪/২০২৬ খ্রি.
রাজধানী ঢাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এক যুবক।
নিহত যুবকের নাম শ্রী সাগর শীল (২৮)। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী নাপিতপাড়া গ্রামের বাসিন্দা এবং রবীন্দ্রনাথ শীলের পুত্র।
জানা গেছে, শ্রী সাগর শীল একজন গার্মেন্টস কর্মী , তিনি ঢাকার কাদের মার্কেট সংলগ্ন কোনাবাড়ী এলাকায় আফসার আলী নামের এক ব্যক্তির ভাড়া বাসায় থাকতেন। ১১ এপ্রিল ( শনিবার) দিবাগত রাতে তিনি নিজের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে তার স্ত্রী এবং প্রতিবেশীরা বিষয়টি খেয়াল করেন। পরে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে পারিবারিক বা ব্যক্তিগত কোনো কারণে তিনি এই পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
এদিকে, সাগর শীলের মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

