স্টাফ রিপোর্টার কামরুল হাসান শরিফ
ঢাকা জেলার আশুলিয়ায় পৃথক দুইটি বিশেষ অভিযানে ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
ডিবি (উত্তর), ঢাকা জেলার এক প্রেস রিলিজে জানানো হয়, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক টিম অংশ নেয়।
প্রথম অভিযানে, গত ১১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০টা ৪৫ মিনিটে আশুলিয়া থানার কুটুরিয়া এলাকা থেকে মোঃ হাবিবুর রহমান ওরফে হাবু (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। গ্রেফতারকৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে পূর্বে মাদক ও জিআর ওয়ারেন্টসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে, একই দিন রাত ৯টা ৫ মিনিটে আশুলিয়ার বেলমা এলাকায় আরেকটি পৃথক অভিযানে আতাউর রহমান আতা ওরফে শাহীন (৫২) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। পুলিশ জানায়, তার বিরুদ্ধেও মাদক ও অস্ত্র আইনে পূর্বের মামলা রয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আশুলিয়া ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

