স্টাফ রিপোর্টার মোঃ মাহাবুল ইসলাম মুন্না:
রাজশাহীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় এক বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক মো. সাদ্দাম হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন নগরের বেলুয়া খোলাবোনা গ্রামের বাসিন্দা। তিনি হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৩ আগস্ট রাজশাহী মহানগর পুলিশ-এর দামকুড়া থানায় একটি মামলা দায়ের করেন সাজ্জাদ হোসেন। এতে তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন-এর দিন কসবা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং অস্ত্রের মুখে হুমকি ও মারধর করা হয়। এ ঘটনায় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১৩ জনকে আসামি করা হয়।
তবে আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণে দেখা যায়, অভিযোগের দিন তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার-এ বন্দী ছিলেন। ফলে আদালত মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত বলে ঘোষণা করেন।
রায়ে সাজ্জাদ হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে তাকে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করা দুই আসামিকে জরিমানার অর্থ থেকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত আরও নির্দেশ দিয়েছেন, সাত দিনের মধ্যে জরিমানার অর্থ জমা দিয়ে ব্যাংক চালানের কপি দাখিল করতে হবে। অন্যথায় তাকে কারাদণ্ড ভোগ করতে হবে।
এ বিষয়ে সাজ্জাদ হোসেন বলেন, আদালতের রায়ে তাকে জরিমানা করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ না করলে কারাভোগ করতে হবে। মামলাটি মিথ্যা ছিল কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার সময় তিনি কারাগারে ছিলেন, যা তার মনে ছিল না। তবে আদালতে প্রমাণিত হওয়ায় মামলাটি মিথ্যা ছিল।

