আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে নাগেশ্বরীর নারায়নপুর ইউনিয়নের ঝাউকুটি সীমান্তে আটক করে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল ১৩ এপ্রিল সোমবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে আটককৃত ২ যুবককে হস্তান্তর করা হয়। কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেরত বাংলাদেশি দুই যুবক হলেন- নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়নের সোলেমান হোসেন (৩৪) ও ভুরুঙ্গামারীর দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া (২৩)।
বিজিবি জানায়, ১২ এপ্রিল রোববার কুড়িগ্রামের নাগেশ্বরী বিজিবি চৌদ্দঘুড়ি সীমান্ত এলাকা দিয়ে দুই বাংলাদেশি নাগরিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ভুলবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পরে তাদের আটক করে বিএসএফ। খবর পেয়ে তাদের পরিবার চৌদ্দঘুড়ি বিওপিকে অবহিত করা হয়।
বিজিবি আরও জানায়, বাংলাদেশি ওই ২ যুবককে আটকের ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। সোমবার সন্ধ্যার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৩১/৭-এস সংলগ্ন শূন্য লাইনে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক বসে। ওই বৈঠক শেষে রাত ৮ টার দিকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আটক বাংলাদেশি ২ যুবককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত ২ যুবককে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস বলেন, ওই ২ যুবকের বিরুদ্ধে কোনো মামলা রুজু হয়নি। বিজিবির উপস্থিতিতে তাদেরকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

